রংপুর কারমাইকেল কলেজে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন


 

রংপুর সদর উপজেলা প্রতিনিধি

শাহরিয়ার হাসান সাজিদ

রংপুরের কারমাইকেল কলেজে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষের অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন “বৈশাখী শোভাযাত্রা”। কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


রঙ-বেরঙের সাজ, ঐতিহ্যবাহী পোশাক, মুখোশ, প্ল্যাকার্ড ও গ্রামীণ সংস্কৃতির নানা উপকরণে সজ্জিত হয়ে অংশগ্রহণকারীরা বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতিচ্ছবি তুলে ধরেন।


শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল অসাম্প্রদায়িক চেতনা, আনন্দ-উচ্ছ্বাস এবং নতুন বছরের শুভ সূচনা। অংশগ্রহণকারীদের হাতে শোভা পায় পাখি, মাছ, লোকজ নকশা ও বিভিন্ন প্রতীকী চিত্র, যা বাঙালির গ্রামীণ জীবন, প্রকৃতি ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে।


ক্যাম্পাসজুড়ে আঁকা আলপনা এবং উৎসবমুখর পরিবেশ যেন নতুন দিনের আশা ও সম্ভাবনার বার্তা ছড়িয়ে দেয়।


এসময় উপস্থিত বক্তারা বলেন, বাংলা নববর্ষ কেবল একটি দিন নয়; এটি বাঙালির আত্মপরিচয়, ঐক্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে নিজেদের শেকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে।


সবাইকে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আয়োজকরা আশা প্রকাশ করেন—নতুন বছর বয়ে আনবে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাম্যের বার্তা। বৈশাখের এই রঙিন উৎসব আমাদের জীবনে নিয়ে আসুক নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনা।

কোন মন্তব্য নেই: