“কর কর্মকর্তারা হবেন জনগণের বন্ধু” — হুইপ বকুল
ব্যুরো প্রধান:খুলনা
এস এম শাহরিয়ার
খুলনায় নবনির্মিত আধুনিক কর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশের অর্থনীতিতে করদাতার গুরুত্ব যেমন বাড়াতে হবে, তেমনি কর কর্মকর্তাদের আচরণেও আমূল পরিবর্তন আনতে হবে। “ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবেন, আতঙ্ক নয়”—এমন বার্তা দেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের আয়কর ব্যবস্থা দেশের উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিদ্যুৎসহ অবকাঠামোগত উন্নয়নের বড় অংশই আসে জনগণের কর থেকে। তাই কর ব্যবস্থাকে আরও কার্যকর করতে কর ফাঁকি রোধের পাশাপাশি নিয়মকানুন সহজ ও স্বচ্ছ করা জরুরি।
তিনি বলেন, এখনও অনেক সাধারণ মানুষের মধ্যে টিআইএন (TIN) সার্টিফিকেট নেওয়া নিয়ে অযথা ভীতি রয়েছে। অনেকেই মনে করেন, করদাতা হলে হয়রানির শিকার হতে হবে। কর্মকর্তাদের অতিউৎসাহী আচরণ ও অসততার কারণেই নতুন করদাতা তৈরি বাধাগ্রস্ত হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য ভালো নয়।
কর কর্মকর্তাদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, জনগণকে কর প্রদানে উৎসাহিত করতে হলে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। ট্যাক্সের অর্থ কোথায় ব্যয় হয়, তা সহজভাবে তুলে ধরতে হবে এবং সচেতনতা বাড়াতে নিয়মিত ক্যাম্পেইন চালাতে হবে।
হুইপ বকুল বলেন, বিএনপি সরকারের মূল লক্ষ্য করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বৃদ্ধি করা। তিনি দাবি করেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। এসব কর্মসূচির অর্থ রাজস্ব খাত থেকেই আসবে এবং এতে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হবে না বলেও উল্লেখ করেন তিনি।
কর প্রশাসনে বৈষম্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বড় ব্যবসায়ীরা প্রায়ই কর ফাঁকি দিয়ে পার পেয়ে যান, অথচ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর চাপ বাড়ানো হয়। এই বৈষম্য দূর করার আহ্বান জানান তিনি।
খুলনার অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বকুল বলেন, একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত খুলনার শিল্পখাত এখন সংকটে। বিশেষ করে মৎস্য শিল্প হুমকির মুখে। তিনি আশ্বাস দেন, কুটির শিল্প থেকে শুরু করে বৃহৎ শিল্পকারখানা পুনরুজ্জীবনের মাধ্যমে এ অঞ্চলের অর্থনীতি সচল করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব। স্বাগত বক্তব্য দেন খুলনার কর কমিশনার শ্রাবণী চাকমা।

কোন মন্তব্য নেই: