কেসিসিতে বিদায়ী দুই কর্মকর্তাকে সংবর্ধনা, আবেগঘন পরিবেশে বিদায়

ব্যুরো প্রধান:খুলনা

এস এম শাহরিয়ার 

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সদ্য বিদায়ী সচিব আরিফুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে তাঁদের হাতে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।


বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর একটি সমন্বিত টিম নিয়ে কাজ শুরু করেছিলেন। সেই টিমের দুই গুরুত্বপূর্ণ সদস্যের বিদায় কেসিসির জন্য আবেগঘন ও বেদনাদায়ক।


তিনি কেসিসিকে একটি পূর্ণাঙ্গ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রম মানুষের কল্যাণে নিবেদিত। সংশ্লিষ্ট সবাইকে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একইসঙ্গে বিদায়ী কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, কঞ্জারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান, ভেটেরিনারি অফিসার ডা. পেরু গোপাল বিশ্বাস, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. সেলিমুল আজাদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার (বাণিজ্য) খান হাবিবুর রহমান, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার এবং সহকারী কর নির্ধারক মো. নাজমুল হক মুকুল।


অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ। এতে কেসিসির বিভাগ ও শাখা প্রধানসহ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী সচিব আরিফুল ইসলাম ও কোহিনুর জাহান নিজ নিজ কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। পরে প্রশাসক তাঁদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন