রংপুরে বৈশাখী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজনে প্রাণের উচ্ছ্বাস

 


উপজেলা প্রতিনিধিঃরংপুর সদর

মোঃহাসান আলী 

রংপুরে বাংলা নববর্ষ উপলক্ষে টাউন হল মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী উৎসব। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয়েছে এক  মিলনমেলায়।

পহেলা বৈশাখের সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ছিল ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, চোখে পড়ার মতো ঢেঁকিতে ধান ভানার বিরল চিত্র গ্রামীণ জীবনধারার প্রতীকী উপস্থাপনা, লাল-সাদা পোশাকে সজ্জিত নারী-পুরুষ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ। রঙিন ব্যানার, ফেস্টুন ও লোকজ উপকরণে সজ্জিত এ র‍্যালি শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজ উন নবী ডন এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব । বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

এদিকে টাউন হল মাঠে স্থাপিত “সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রংপুর”-এর ব্যানারে তিন দিনের বিস্তারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী চলছে নানা আয়োজন। প্রথম দিন (১৩ এপ্রিল)   দিনব্যাপী লোকজ মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিকাল থেকে রাত পর্যন্ত চলে নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে বাংলাদেশ নৃত্য সংস্কৃতি সংস্থা, শিখা একাডেমি ও নৃত্যাঙ্গনসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

দ্বিতীয় দিন (১৪ এপ্রিল) সকাল থেকেই শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, বৈশাখী  লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  লোকসংগীত এবং দিন ব্যাপি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

তৃতীয় দিন (১৫ এপ্রিল) কানাসাস, স্পন্দন ও রঙ্গপুর নাট্য ধারা এবং বিভিন্ন  সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিশেষ পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সমাপনী আয়োজন করা হয়। 

অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও নববর্ষ উপলক্ষে দিনব্যাপী আয়োজন ছিল উপভোগ করার মতো। সেখানে আন্ত : বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট,  খেলাধুলা, গান, বিভিন্ন বিভাগের স্টল, বইমেলা ও “জুলাইয়ের চিত্র” প্রদর্শনী শিক্ষার্থী ও দর্শনার্থীদের আকর্ষণ করে।

বাংলা নববর্ষের এই আয়োজন শুধু উৎসবেই সীমাবদ্ধ নয়; এটি বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের এক উজ্জ্বল প্রতিফলন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন