বকেয়া পরিশোধ ও বন্ধ জুট মিল চালুর দাবিতে খুলনায় দৌলতপুর জুট মিল শ্রমিকদের অবস্থান ধর্মঘট


 বিভাগীয় ব্যুরো প্রধানঃখুলনা

এস এম শাহরিয়ার 

বকেয়া পাওনা পরিশোধ, লে-অফ ঘোষণা বাতিল এবং বন্ধ সরকারি জুট মিল পুনরায় চালুর দাবিতে খুলনায় অবস্থান ধর্মঘট পালন করেছেন দৌলতপুর জুট মিলের শ্রমিকরা।


রোববার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর খালিশপুর এলাকায় দৌলতপুর জুট মিলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, ফরচুন গ্রুপের লিজ প্রথা বাতিল করতে হবে এবং ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি লিমিটেডের কাছে শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ নিশ্চিত করতে হবে।


তারা আরও দাবি জানান, লে-অফ করা সরকারি জুট মিলগুলো দ্রুত পুনরায় চালু করতে হবে এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প রক্ষায় কার্যকর ও টেকসই উদ্যোগ নিতে হবে।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শ্রমিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।


বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় পাট শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ বিন মুহাম্মদ, প্লাটিনাম জুট মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খলিলুর রহমান এবং কারখানা কমিটির সদস্য সচিব ফরিদ আহমেদসহ অন্যান্য শ্রমিক নেতারা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন