রংপুর সদর উপজেলা প্রতিনিধি
শাহারিয়া হাসান সাজিদ
রংপুর সরকারি কলেজের নবনির্মিত ভবনের নাম “শহীদ আবু সাঈদ ভবন” করার দাবিতে স্মারকলিপি প্রদান
রংপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের নবনির্মিত ভবনের নাম “শহীদ আবু সাঈদ ভবন” করার দাবিতে অধ্যক্ষ মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে ২০২৬) কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, শহীদ আবু সাঈদ শুধু একজন মেধাবী শিক্ষার্থীই নন, তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রামের এক সাহসী প্রতীক। রংপুর সরকারি কলেজের গর্বিত শিক্ষার্থী হিসেবে তাঁর অবদান ও আত্মত্যাগকে সম্মান জানাতে নবনির্মিত ভবনের নাম তাঁর নামে নামকরণ করা সময়ের দাবি।
শিক্ষার্থীরা আরও বলেন, “শহীদ আবু সাঈদ ভবন” নামটি শুধু একটি স্থাপনার নাম হবে না, বরং এটি আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য সাহস, ন্যায়বোধ ও আত্মত্যাগের অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর স্মৃতি সংরক্ষণ ও সম্মান প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম আরও জাগ্রত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আহ্বান জানান এবং দ্রুত নবনির্মিত ভবনটির নাম “শহীদ আবু সাঈদ ভবন” হিসেবে ঘোষণার দাবি জানান।
