শরীয়তপুরে চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন


 

রংপুর সদর উপজেলা প্রতিনিধি 

শাহরিয়ার হাসান সাজিদ 

শরীয়তপুরে চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন

চিকিৎসকদের নিরাপত্তা আইন বাস্তবায়নসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

রংপুর, ১৮ মে ২০২৬ঃ শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। সোমবার (১৮ মে) সকালে হাসপাতাল প্রাঙ্গণে সকল স্তরের চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল অফিসার, কনসালটেন্ট, রেজিস্ট্রার, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসকরা অংশগ্রহণ করেন। এসময় তারা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে চিকিৎসকদের ওপর ক্রমবর্ধমান হামলা, হুমকি ও কর্মস্থলে অনিরাপদ পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা, লাঞ্ছনা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ শরীয়তপুর সদর হাসপাতালে ডা. নাসিরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা চিকিৎসক সমাজকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হবে বলে তারা মন্তব্য করেন।

মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় জড়িত সকল অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি তোলেন।

চিকিৎসকরা আরও বলেন, স্বাস্থ্যসেবার মতো মানবিক পেশায় নিয়োজিত ব্যক্তিদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের এ প্রতিবাদ কর্মসূচি স্বাস্থ্যখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। মানববন্ধনে অংশগ্রহণকারী চিকিৎসকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন