খুলনা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর


 

বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা

এস এম শাহরিয়ার

খুলনা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার সকালে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি এবং রোগীদের সঙ্গে কথা বলেন।


পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। কুমড়ার তরকারি মুখে দিয়ে তা ফেলে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করেন, “এ ধরনের খাবার আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?” পরে তিনি রোগীদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করার নির্দেশ দেন।


এ সময় মন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারও ঘুরে দেখেন। পাশাপাশি এন্টিরেবিস ভ্যাকসিন সংকট নিয়ে রোগী ও স্বজনদের অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ ওঠে, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় রোগীদের বাইরে থেকে টাকা দিয়ে কিনতে হচ্ছে।


ভ্যাকসিন কর্নারে গিয়ে ভুক্তভোগীদের অভিযোগ শোনার পর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীর কাছে কারণ জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। জবাবে সরবরাহ সংকটের কথা বলা হলে ঘটনাস্থল থেকেই ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন তিনি। পরে জানা যায়, ভ্যাকসিন সংগ্রহে প্রয়োজনীয় উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষ নেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন মন্ত্রী।


পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবে কিছু অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ওয়ার্ডে গিয়ে অনেক রোগী সেবার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।


এ সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, হুরে জান্নাত, মোছা. মাহফুজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


পরে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন