নিজস্ব প্রতিবেদক
রংপুর
রসিকে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ।
রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) সকাল ১১টায় রংপুর সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এ কার্ড বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।
এসময় আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
রংপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে টিসিবির কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজতর করার লক্ষ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই স্মার্ট কার্ডের মাধ্যমে উপকারভোগীরা আরও সহজ ও দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, পঞ্চম ধাপে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ২ হাজার ৭৮১টি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশন এলাকায় মোট ৯৯ হাজার ২৬৮টি কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৭৯ হাজার ৮৯৮টি কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।
