নিজস্ব প্রতিবেদক
রংপুর
রংপুরে কোতয়ালী থানার পৃথক অভিযানে গ্রেফতার ৬
রংপুর মহানগরীর কোতয়ালী থানার পৃথক বিশেষ অভিযানে ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) গভীর রাতে কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় ১২টা ৩০ মিনিটে এএসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ পার্বতীপুর গাছবাড়ি পাকা রাস্তা এলাকায় মোবাইল ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি, চিৎকার-চেঁচামেচি, অশালীন ভাষা ব্যবহার ও মারমুখী আচরণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আব্দুর রহমান (২৫) ও মোঃ তরিকুল ইসলাম (২২)। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
অপরদিকে, এসআই (নিঃ) মোঃ শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ সাজু মিয়া (৪৫), কাজী শাহরান আহম্মেদ লাবিব (২০) ও মোঃ আসিফ আহম্মেদ ইমন (১৯)।
একই ধারাবাহিকতায় এসআই (নিঃ) বিষ্ণু পদ রায় পার্বতীপুর এলাকায় অভিযান চালিয়ে অপরাধজনক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সন্দেহজনকভাবে অবস্থান করার দায়ে মোঃ আকাশ মিয়া (২৫) নামের আরও একজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৮৭(ঘ) ধারায় পৃথক দুটি নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
এদিকে, মোহাম্মদ আবদুল মাবুদ-এর সার্বিক দিকনির্দেশনায় মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট নিয়মিত মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা, চুরি-ছিনতাই প্রতিরোধসহ জননিরাপত্তা নিশ্চিতে অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সংশ্লিষ্ট সকল ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।
