রংপুর সদর উপজেলা প্রতিনিধি
শাহরিয়ার হাসান সাজিদ
রংপুরে পুলিশ কমিশনারের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সৌজন্য সাক্ষাৎ, মাদকবিরোধী অভিযানে জোর
রংপুর, ১৯ মে ২০২৬ঃ রংপুর মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মাসুদ হোসেন।
মঙ্গলবার অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি রংপুর মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনার বিষয়টি।
পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। রংপুর মহানগরীকে সম্পূর্ণ মাদকমুক্ত ও নিরাপদ নগরীতে পরিণত করতে সকল রাষ্ট্রীয় সংস্থার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুদ হোসেন মাদক নির্মূলে আরপিএমপি-কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের সমন্বিত উদ্যোগ বিভিন্ন ইউনিটের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদান বৃদ্ধি করবে। পাশাপাশি রংপুর মহানগরীতে একটি টেকসই, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
