রংপুর সদর উপজেলা প্রতিনিধি
শাহারিয়ার হাসান সাজিদ
রংপুর সরকারি কলেজে শিশু রামিসার বিচারের দাবিতে মানববন্ধন
আজ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১টায় শিশু রামিসার ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে রংপুর সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনার বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বেড়ে যাবে। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন। এ সময় তারা শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
