রংপুর ,মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি
বিপুল চন্দ্র বর্মন
মিঠাপুকুরের কৃতি সন্তান মোঃ জিয়া উদ্দিন মিয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য নির্বাচিত
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী মোঃ জিয়া উদ্দিন মিয়া। গত ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি সম্মানিত আইনজীবীদের বিপুল সমর্থনে বিজয় অর্জন করেন।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১৫নং বড় হযরতপুর ইউনিয়নের বলদী বাতান গ্রামের কৃতী সন্তান মোঃ জিয়া উদ্দিন মিয়া বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম খাজা মহিউদ্দিন মিয়ার কনিষ্ঠ পুত্র। দীর্ঘদিনের আইন পেশার অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, সততা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাকে এই সাফল্য এনে দিয়েছে বলে সহকর্মীরা মনে করেন।
নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ জিয়া উদ্দিন মিয়া ভোটার, শুভানুধ্যায়ী, সমর্থক এবং আইনজীবী সমাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাগত মর্যাদা বজায় রেখে পালন করতে সর্বাত্মক চেষ্টা করবো।”
তিনি আরও জানান, আইনজীবীদের পেশাগত অধিকার সংরক্ষণ, কল্যাণ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সার্বিক উন্নয়নে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান।
তার এই বিজয়ে রংপুরের মিঠাপুকুরসহ নিজ এলাকাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। সমর্থক ও শুভানুধ্যায়ীরা বিভিন্নভাবে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
