সৈয়দপুরে দূর থেকে আসা মুয়াজ্জিনের জন্য সাইকেল প্রদান
নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর সৈয়দপুরে মানবিক উদ্যোগের অংশ হিসেবে দূরবর্তী এলাকা থেকে নিয়মিত মসজিদে আসা এক মুয়াজ্জিনকে সাইকেল প্রদান করেছে আল-হামদ ফাউন্ডেশন। রবিবার (৩ মে) যোহারের নামাজের পর মসজিদ প্রাঙ্গনে ওই সাইকেল প্রদান করা হয়।
শহরের নতুন বাবুপাড়ার দুর্গামিল এলাকায় অবস্থিত মসজিদে নুরে দায়িত্ব পালন করছেন মুয়াজ্জিন মুহাম্মদ তুহিন শাহ। তিনি মসজিদ থেকে বেশ দূরে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম রুহুল ইসলাম মাদ্রাসায় লেখা পড়া করে এবং সেখানে থাকেন। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কখনো হেটে কখনো রিকশা ভাড়া করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মসজিদে আসতে গিয়ে তাকে নানা ভোগান্তির শিকার হতে হতো। বিশেষ করে ভোর ও রাতের নামাজে যাতায়াত ছিল কষ্টসাধ্য।
এ অবস্থায় বিষয়টি বিবেচনায় নিয়ে আল-হামদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহাবুদ্দিন উদ্যোগে তাকে একটি সাইকেল প্রদান করা হয়, যাতে তিনি সহজে ও সময়মতো মসজিদে আসা-যাওয়া করতে পারেন।
মুয়াজ্জিন মুহাম্মদ তুহিন শাহ বলেন, আমি মসজিদ থেকে অনেক দূরে থাকি, তাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আসা-যাওয়ায় বেশ কষ্ট হতো। বিশেষ করে ফজর ও এশার নামাজে সময়মতো পৌঁছানো কঠিন হয়ে যেত। আল-হামদ ফাউন্ডেশন আমাকে যে সাইকেলটি দিয়েছে, এর ফলে আমার কষ্ট অনেকটাই কমে যাবে। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং মহান আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি।
অন্যদিকে আল-হামদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহাবুদ্দিন বলেন, “এই সাইকেলটি মূলত মসজিদের জন্য প্রদান করা হয়েছে। বর্তমানে দায়িত্বে থাকা মুয়াজ্জিন এটি ব্যবহার করছেন। ভবিষ্যতে যিনি এই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করবেন, তিনিও এটি ব্যবহার করতে পারবেন। আমাদের লক্ষ্য হচ্ছে মসজিদকেন্দ্রিক সেবামূলক কার্যক্রমকে সহজ ও গতিশীল করা।
সাইকেল প্রদান অনুষ্ঠানে মসজিদের মুসল্লি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আল-হামদ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, আল-হামদ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আর্ত মানবতার সেবায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

কোন মন্তব্য নেই: