পারভেজ আহমেদ
অস্ট্রেলিয়ায় স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে স্বীকৃতি পেলেন মেহেরপুরের মাসুম বিল্লাহ
অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে “নর্দান টেরিটরি ভলান্টিয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস-২০২৬”-এ “চিফ মিনিস্টার’স ভলান্টিয়ার অব দ্য ইয়ার – সেন্ট্রাল অস্ট্রেলিয়া” ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ।
ভলান্টিয়ারিং এনটি এবং নর্দান টেরিটরি সরকারের উদ্যোগে এই সম্মানজনক মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। সামাজিক ও মানবিক কাজে দীর্ঘদিনের সম্পৃক্ততা, নেতৃত্ব এবং কমিউনিটির উন্নয়নে নিরলস ভূমিকার জন্য তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।
মাসুম বিল্লাহ সাংবাদিকতা, ব্যবসা, টকশো উপস্থাপনাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কমিউনিটি উন্নয়ন এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তার অবদান বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
এর আগেও তিনি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী টনি বার্ক এমপির কাছ থেকে “কোভিড হিরো অ্যাওয়ার্ড” অর্জন করেন। করোনাকালে কমিউনিটির মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি এই সম্মাননা লাভ করেন।
মনোনয়ন প্রসঙ্গে মাসুম বিল্লাহ বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। আমি কৃতজ্ঞ ভলান্টিয়ারিং এনটি, নর্দান টেরিটরি সরকার এবং সকল মানুষের প্রতি, যারা আমাকে সবসময় অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন। এই অর্জন শুধু আমার একার নয়, এটি পুরো কমিউনিটির।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও আরও বেশি নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে সামাজিক, মানবিক ও কমিউনিটি উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান।
মাসুম বিল্লাহর এই অর্জনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
