তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কাউনিয়ায় মানববন্ধন


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মোঃইব্রাহিম খলিল 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কাউনিয়ায় মানববন্ধন

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি, রংপুর জেলা ও উপজেলা শাখা। শনিবার (২০ জুন) দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়ক সেতুর দক্ষিণ প্রান্তে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন।


এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখার আমির মাওলানা আব্দুস সালাম সরকার, উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ফজলুর রহমান ফারুক, বায়তুল মাল সম্পাদক এস এম গোলাম কিবরিয়া, হারাগাছ পৌর শাখার সভাপতি মো. আইনুল হক, বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহিম, শহীদবাগ ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হক, জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক মোক্তারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদীর উজানে ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণের কারণে শুষ্ক মৌসুমে তিস্তায় পানি সংকট দেখা দেয় এবং বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ফলে উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিখাতে সেচ সুবিধা সম্প্রসারণ, নদীর দুই তীরে আধুনিক নগরায়ণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।”


তিনি আরও বলেন, “তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা আর কোনো আশ্বাস বা প্রতারণা চাই না। অবিলম্বে প্রকল্প বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”


সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন বলেন, “তিস্তা নদীর উজানে ভারত নিজেদের সুবিধামতো পানি নিয়ন্ত্রণ করে। কখনও অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি করা হয়, আবার শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে নদীকে মৃতপ্রায় করে তোলা হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা জরুরি।”


মানববন্ধনে অংশগ্রহণকারীরা তিস্তা নদীকেন্দ্রিক দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি উৎপাদন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


মোঃ ইব্রাহিম  

কাউনিয়া রংপুর প্রতিনিধি 

তারিখ ২০/০৬/২৬ 

মোবাঃ ০১৭২৩৩১৩৯৪২

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন