জেলা প্রতিনিধি (ভোলা)
মীর শাহীন
যুবকদের সাহসী উদ্যোগে ধরা পড়ল চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল
ভোলার দক্ষিণ আইচায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া একদল যুবকের সাহসী উদ্যোগে চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল আটক হয়েছে। পরে তার কাছ থেকে উদ্ধারকৃত মাদকসহ তাকে দক্ষিণ আইচা থানায় সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জুয়েলের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। এতে যুবসমাজের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছিল। সম্প্রতি স্থানীয় কয়েকজন সচেতন যুবক তার গতিবিধির ওপর নজরদারি চালিয়ে তাকে আজ (৬ জুন) মাদকসহ হাতেনাতে আটক করেন।
আটকের সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানা গেছে। পরে তাকে দক্ষিণ আইচা থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে যুবসমাজের এই অবস্থান প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, সমাজের সর্বস্তরের মানুষ মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে এলে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে।
এদিকে, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এ উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সচেতন মহল মনে করছে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
