কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মোঃ ইব্রাহিম খলিল
কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
রংপুরের কাউনিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির অর্ধবার্ষিক (হাফ ইয়ারলি) সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) বাস্তবায়িত স্বপ্ন প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সহ-সভাপতি আনজুমানয়ারা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবিএম আশেকুল আহাদ, রঞ্জু আলম ও জাহিদ হাসান, শিক্ষা উন্নয়ন কমিটির সদস্য মো. এম হক, আকরাম হোসেন, প্রধান শিক্ষক আবুল হাসান ও মতিউর রহমান এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মো. মঞ্জুরুল ইসলাম।
সভা পরিচালনা করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার নূর হোসেন।
সভায় উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন কমিটি (ইডিসি) ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির (এসএমসি) সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় স্বপ্ন প্রকল্পের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিদ্যালয়গুলোর শিক্ষা উন্নয়নে বিভিন্ন সুপারিশ গ্রহণ করা হয়।
