ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন


ঠাকুরগাঁও প্রতিনিধি 

 জুয়েল ইসলাম শান্ত

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন 

ঠাকুরগাঁওয়ে নানা  আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার দিবসটি পালনে শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রধান কার্যালয় থেকে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়- “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”


পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)‘র সহযোগিতায় ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত “সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট)” সাব-সেক্টর: “পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় দিবসটি পালনে একটি বণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইএসডিও’র প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


দিবসটি উপলক্ষে সবুজ নির্মাণ মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার পাশাপাশি কুইজ প্রতিযোগিতা এবং গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সভায় ইএসডিও’র স্মার্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ও ইএসডিও’র পরিচালক প্রশাসন ড. সেলিমা আখতার, বিশেষ অতিথি ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তামিম হাসান প্রমুখ। 


অনুষ্ঠানে বক্তাগণ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। তারা শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এবং ইকো পাঠশালা এন্ড কলেজের ১ হাজার শিক্ষার্থীর মাঝে ১টি করে ১ হাজার গাছের চারা (বাতাবিলেবু ও পেয়ারা) বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, মডেল পরিবেশ ক্লাবের সদস্য ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন