ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার


ঠাকুরগাঁও প্রতিনিধি 

জুয়েল ইসলাম শান্ত

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ রাজা হাসান রাজু (২৯) ও রাফায়েল হাসান হৃদয় (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার হওয়া দুজন সম্পর্কে আপন মামা-ভাগিনা। সোমবার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।


গ্রেফতারকৃত রাজা হাসান রাজু বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে এবং রাফায়েল হাসান হৃদয় ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় রাজা হাসানের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫শ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৩ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।


সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার হওয়া মামা-ভাগিনা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ইয়াবা ট্যাবলেটের অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন