কাউনিয়ায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মোঃ ইব্রাহিম খলিল 

কাউনিয়ায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রংপুরের কাউনিয়া উপজেলায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।


প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক ও মনিটরিং কর্মকর্তা আকলিমা আহসান। এছাড়াও প্রশিক্ষণে বক্তব্য রাখেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এর বিজ্ঞানী ড. মো. মজিবর রহমান, রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা মোছা. আজমাইন মুসতারি, কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শাহ মো. তারিকুল ইসলাম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আপেল বকসি।


প্রশিক্ষণে বক্তারা উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট ও পাট বীজ উৎপাদনের বিভিন্ন কৌশল, রোগ-বালাই দমন, মানসম্মত বীজ সংরক্ষণ, উৎপাদন ব্যয় কমানো এবং অধিক ফলন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, পাট বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পাট ও পাট বীজ উৎপাদন বাড়ানো সম্ভব, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


বক্তারা আরও বলেন, পরিবেশবান্ধব ও বহুমুখী ব্যবহারযোগ্য প্রাকৃতিক আঁশ হিসেবে বিশ্ববাজারে পাটের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সচেতন ও দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।


প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন নির্বাচিত পাট উৎপাদনকারী চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং পাট চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।


মোঃ ইব্রাহিম 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

তারিখঃ ২৫/০৬/২০২৬

মোবাঃ ০১৭২৩৩১৩৯৪২

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন