বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা
এস এম শাহরিয়ার
সব পেশার মানুষের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে চাই: কেসিসি প্রশাসক
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মহানগরীকে এমনভাবে গড়ে তোলা হবে, যেখানে সব পেশার মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ব্যবসা পরিচালনা করতে পারবেন।
শুক্রবার সকালে নগরীর শেখপাড়াস্থ নজরুল নগর স্কুল মাঠে খুলনা জেলা বেকারি হকার্স ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, বিগত সরকারের সময় দীর্ঘদিনের অব্যবস্থাপনায় নগরবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে সবার মতামতের ভিত্তিতে একটি ধুলামুক্ত, পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তুলতে কাজ চলছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর খাল ও ড্রেন পরিষ্কারের কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এ কাজে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বেকারি কারখানার বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত পাত্রে সংরক্ষণ করে কেসিসির পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে নিজ বাড়ির আঙিনাসহ সম্ভাব্য সব স্থানে বৃক্ষরোপণেরও অনুরোধ করেন।
হকার্স ইউনিয়নের সভাপতি এইচ এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়নের উপদেষ্টা এস এম আসাদুজ্জামান মুরাদ, ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ মো. আলমগীর হোসেন ও এম এম আইয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম ইকবাল।
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক খুলনা জেলা বেকারি হকার্স ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া সদস্যদের উত্থাপিত বিভিন্ন দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউনিয়নের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কেসিসির সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এর আগে প্রশাসক নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা গোলকধাম মোড় এলাকায় নির্মাণাধীন দারুল মাকামা জামে মসজিদ পরিদর্শন করেন। একই সঙ্গে স্থানীয় ড্রেনেজ, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি এবং ১৬ নম্বর ওয়ার্ডের নূরনগর এলাকার ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় কেসিসির নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, স্থানীয় সমাজসেবক সিরাজুল হক নান্নু, আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
