নবায়নযোগ্য শক্তি বাড়াতে সোলার পার্ক পুনরায় চালুর আহ্বান


বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা

এস এম শাহরিয়ার

নবায়নযোগ্য শক্তি বাড়াতে সোলার পার্ক পুনরায় চালুর আহ্বান

খুলনা নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্কটি দীর্ঘ ১৪ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। মাত্র ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয়ে প্রয়োজনীয় সংস্কার করলেই ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই সৌর বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালু করা সম্ভব বলে দাবি করেছে পরিবেশবাদী সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড)।


বুধবার খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ূন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।


সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল কাদির লিখিত বক্তব্যে বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য অস্থিরতার কারণে বিদ্যুৎ খাতে চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব আরও বেড়েছে। অথচ খুলনার মতো গুরুত্বপূর্ণ এলাকায় থাকা সোলার পার্কটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে।


তিনি জানান, ২০০৮ সালে ৪.৩৩ একর জমির ওপর নির্মিত এই প্রকল্পটি ২০১২ সাল থেকে কারিগরি ত্রুটি ও অবকাঠামোগত সমস্যার কারণে বন্ধ রয়েছে। তার চুরি ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি কার্যত অচল হয়ে পড়ে।


সংবাদ সম্মেলনে উপস্থাপিত পরিকল্পনায় বলা হয়, পার্কটির অব্যবহৃত ছাদ ও পুকুরের প্রায় ৩০ শতাংশ অংশ ব্যবহার করে মোট ৩৩৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এর মধ্যে ছাদে ৪৫ কিলোওয়াট এবং পুকুরে ভাসমান প্যানেলের মাধ্যমে ২৯০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।


সংগঠনটির মতে, নতুন প্যানেল স্থাপন ও সংস্কার মিলিয়ে প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা বিনিয়োগ প্রয়োজন হবে। তবে বছরে প্রায় ৪৬ লাখ টাকার বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে মাত্র পাঁচ বছরের মধ্যে পুরো বিনিয়োগ উঠে আসবে। এরপর দীর্ঘ সময় বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা পাওয়া যাবে।


ওপেক্স মডেলে বেসরকারি ব্যবস্থাপনায় প্রকল্পটি পরিচালনার প্রস্তাবও তুলে ধরা হয়। পাশাপাশি বন্ধ থাকা প্রশিক্ষণ কেন্দ্রটি পুনরায় চালু করে দক্ষ জনবল তৈরি ও সিটি করপোরেশনের আয় বৃদ্ধির সুযোগ রয়েছে বলে জানানো হয়।


সংবাদ সম্মেলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের সৌরবিদ্যুৎ সফল উদ্যোগের উদাহরণ তুলে ধরে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে নতুন সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে কেডিএ-কে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।


খুলনাকে একটি সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সোলার পার্কটি দ্রুত সচল করা এবং সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে ছয় দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন