ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ।


ঠাকুরগাঁও প্রতিনিধি 

জুয়েল ইসলাম শান্ত

ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ।

 ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ডারাপাড়া কালভার্টের ওপর চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর ভল্লাক গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে খোরশেদ (৪৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামচন্দ্রগড় গ্রামের মৃত মো. হাছান আলীর ছেলে মো. সিরাজ মিয়া (৪০)। অভিযানের সময় গাঁজা বহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ এবং তাঁদের কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।


র‌্যাব-১৩, সিপিসি-১ (দিনাজপুর ক্যাম্প) সূত্রের বরাত দিয়ে বুধবার দুপুরে র‌্যাব-১৩-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভুল্লীবাজার থেকে ফারাবাড়ি যাওয়ার পথে ডারাপাড়া কালভাটের ওপর একটি বিশেষ চেকপোস্ট বসায় র‌্যাবের আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে পিকআপের ভেতর থেকে লুকিয়ে রাখা ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা পেশাদার মাদক কারবারি। পিকআপ চালানোর আড়ালে তাঁরা রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদকের চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।


ভুল্লী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত ও পিকআপ ভ্যানসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন