পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
মোঃ কামরুল হাসান প্রধান
পীরগঞ্জে চলন্ত ইজিবাইকের ওপর গাছ ভেঙে পড়ে চালক নিহত
রংপুরের পীরগঞ্জে চলন্ত ইজিবাইকের ওপর সড়কের পাশের একটি গাছ ভেঙে পড়ে চালক নিহত হয়েছেন।
৮ জুলাই বুধবার সকালে গাইবান্ধা–পীরগঞ্জ–নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পীরগঞ্জ উপজেলার টিটিরমারী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইকচালক আব্দুল গফুর (৫০) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঘোড়াতপাড়া ক্লাব মোড় এলাকার ইয়াকুব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে আব্দুল গফুর তার ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রে একজন পরীক্ষার্থীকে পৌঁছে দিয়ে পীরগঞ্জের খালাশপীর বন্দরের দিকে ফিরছিলেন। পথে টিটিরমারী এলাকায় পৌঁছালে বৃষ্টি ও দমকা হাওয়ায় সড়কের পাশে থাকা একটি শুকনো আকাশমণি গাছ তার চলন্ত ইজিবাইকের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনায় ইজিবাইকটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে গাছ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
নিহতের চাচা শহিদুল ইসলাম জানান, আব্দুল গফুর তিন সন্তানের জনক ছিলেন। ইজিবাইক চালিয়েই তিনি পরিবারের একমাত্র উপার্জন করতেন। ওই আয়ে দুই মেয়ের বিয়ে দিয়েছেন এবং একমাত্র ছেলেকে লেখাপড়া করাচ্ছিলেন। তার ছেলে দিনাজপুর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বাবার আকস্মিক মৃত্যুর ঘটনায় ছেলেটির পড়ালেখা চালিয়ে যাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
