রূপসার ৩৪ মৌজা নিয়ে আধুনিক মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করবে কেডিএ: চেয়ারম্যান


বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা

এস এম শাহরিয়ার

রূপসার ৩৪ মৌজা নিয়ে আধুনিক মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করবে কেডিএ: চেয়ারম্যান

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, রূপসা উপজেলার ৩৪টি মৌজাকে নিয়ে একটি আধুনিক ও নান্দনিক মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে কেডিএ। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে এলাকায় আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।


বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রূপসা উপজেলা পরিষদের মিলনায়তনে ‘রূপসা উপজেলার জনসাধারণের সঙ্গে কেডিএর সেবা ও মাস্টারপ্ল্যান বিষয়ে অবহিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কেডিএ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চান। সেই লক্ষ্য বাস্তবায়নে কেডিএ জনগণের জন্য উন্মুক্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের সাত দিনের মধ্যে ফাইল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। সেবাগ্রহীতাদের হয়রানি করা যাবে না এবং দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


তিনি বলেন, যশোরের নওয়াপাড়া থেকে বাগেরহাটের মোংলা বন্দর পর্যন্ত কেডিএর আওতাধীন এলাকায় পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এ সময় আগামী ১১ জুলাই সকাল ১০টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।


বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী।


রূপসা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কেডিএর নগর পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ। সভা পরিচালনা করেন কেডিএর সহকারী নগর পরিকল্পনাবিদ মো. রাকিবুল হাসান।


মুক্ত আলোচনায় রূপসা উপজেলার অন্তত ১৩ জন স্থানীয় বাসিন্দা মাস্টারপ্ল্যান বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।


অনুষ্ঠানে কেডিএর সদস্য রুহুল আমিন কুতুবুদ্দিন আহমদ, প্রধান প্রকৌশলী সাবিরুল আলম, সমাজসেবক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি কে এম আশরাফুল আলম নান্নু, জিএম কামরুজ্জামান টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান সাইফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন