স্টাফ রিপোর্টার,রংপুর বদরগন্জ
মোঃসিরাজুল ইসলাম সিরাজ
বদরগঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আড়ালে র্যাফেল ড্র 'র' রমরমা ব্যবসা! প্রশ্নের মুখে বদরগঞ্জের বাণিজ্য মেলা
রংপুরের বদরগঞ্জে অনুষ্ঠিত খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলাকে ঘিরে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কুটির শিল্প ও স্থানীয় উদ্যোক্তাদের বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এই মেলা এখন রূপ নিয়েছে র্যাফেল ড্র কেন্দ্রিক বাণিজ্যে।
অভিযোগ রয়েছে, মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের কাছ থেকে টিকিটের মাধ্যমে অর্থ নেওয়া হচ্ছে এবং সেই টিকিটের সঙ্গে বড় বড় পুরস্কারের প্রলোভন দেখিয়ে র্যাফেল ড্র পরিচালনা করা হচ্ছে। ফলে অনেকের মতে, মেলার মূল উদ্দেশ্য—স্থানীয় ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের প্রসার—পেছনে পড়ে গেছে; বরং র্যাফেল ড্র 'ই' হয়ে উঠেছে প্রধান আকর্ষণ।
বদরগঞ্জ বাসীর অধিকাংশের প্রশ্ন, যদি এটি সত্যিই কুটির শিল্প ও বাণিজ্য মেলা হয়, তাহলে শিল্পপণ্যের প্রচার-প্রসার ও উদ্যোক্তাদের সুযোগ-সুবিধার চেয়ে কেন র্যাফেল ড্র 'র'এত ব্যাপক প্রচারণা? সাধারণ মানুষকে পুরস্কারের আশায় টিকিট কিনতে উৎসাহিত করার বিষয়টি নিয়েও সামাজিক মহলে নানা আলোচনা চলছে।
সচেতন নাগরিকদের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নিরপেক্ষভাবে খতিয়ে দেখা উচিত। যদি কোনো অনিয়ম বা আইনবহির্ভূত কার্যক্রম হয়ে থাকে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা চান, কুটির শিল্প ও বাণিজ্য মেলা যেন তার প্রকৃত উদ্দেশ্য—স্থানীয় শিল্প, সংস্কৃতি ও উদ্যোক্তাদের বিকাশ—নিয়েই পরিচালিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,
গতবছরও খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছিল।যেখান থেকে পুরস্কারের প্রলোভন দেখিয়ে মানুষকে টিকেট কাটার জন্য উৎসাহিত করা হয়েছিল এবং সেখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছিল অসাধু মেলা কমিটির লোকেরা। আর এই পুরস্কারের লোভে পড়ে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত হয়ে পড়েছিল।এর ফলে চুরি-ডাকাতি সহ নানারকম অসামাজিক কর্মকাণ্ডের পরিমাণ বেড়ে গেছিল। তিনি আরও বলেন, খোলাহাটির বাণিজ্য মেলা চলুক,কিন্তু বাণিজ্য মেলার নাম করে যেন লটারি না চলে।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আঞ্জুমান সুলতানা- মুঠোফোনে বলেন, প্রশাসনের পক্ষ থেকে র্যাফেল ড্র পরিচালনার জন্য কোন ধরনের অনুমতি প্রদান করা হয়নি। র্যাফেল ড্র 'র' বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমাদের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
