নিজস্ব প্রতিবেদক
রুপপুরগামী বাস ট্রাকের সংঘর্ষ নিহত ১ ,আট রাশিয়া নাগরিকসহ আহত ১২জন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত রুশ নাগরিকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার রুশ নারীসহ আটজন রুশ নাগরিক এবং দুই গাড়ির চালক-হেলপারসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবোঝাই ট্রাক এবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে আসা নিকিমথ কোম্পানির রুশ নাগরিকবাহী মিনিবাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের ধাক্কায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ইমনের মৃত্যু হয়। একই সঙ্গে উভয় যানবাহনের চালক-হেলপার এবং মিনিবাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে চার নারীসহ আটজন রুশ নাগরিক রয়েছেন।
খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রুস্তম আলীর নেতৃত্বে আহতদের উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টার উদ্ধার কার্যক্রম শেষে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে রাত ১১টার দিকে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।
আহতদের দেখতে রাতেই গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দ্রুত উদ্ধার অভিযান সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
