পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের ৫ বসতঘর ছাই, ক্ষতি ২০ লাখ টাকার বেশি


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

মোঃ কামরুল হাসান প্রধান

 

পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের ৫ বসতঘর ছাই, ক্ষতি ২০ লাখ টাকার বেশি

:রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের পাঁচটি বসতঘর, প্রায় ৮০ মণ চাল, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী আসমা বেওয়া এবং তাঁর ছেলে বেলাল মিয়া ও রাশেদুল ইসলামের পাঁচটি ইটের তৈরি বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ঘরগুলোতে থাকা প্রায় ৮০ মণ চাল, আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নাজমুল হক বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।”

ক্ষতিগ্রস্ত রাশেদুল ইসলাম বলেন, “আগুনে আমাদের ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সর্বস্ব হারিয়েছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে সরকারি বিধি অনুযায়ী আরও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন