এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ ঘোষণা


 চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে ৩১ আগস্ট বিক্ষোভ ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। ওইদিন নগরের বারিক বিল্ডিং মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।

এর আগে ১৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ কর্মসূচি পালন করবে সংগঠনটি।


চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই হলে বন্দর রক্ষা কমিটি আয়োজিত নাগরিক কনভেনশনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।


কনভেনশনে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর জাতীয় অর্থনীতি ও স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই গুরুত্বপূর্ণ টার্মিনাল ইজারা দেওয়ার আগে জাতীয় স্বার্থ, রাজস্ব, সক্ষমতা, শ্রমিকের অধিকার ও কর্মসংস্থানের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।


সভাপতির বক্তব্যে বন্দর রক্ষা কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, গুরুত্বপূর্ণ টার্মিনাল দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। বন্দর রক্ষায় রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, পেশাজীবী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


কনভেনশনে বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক (ডা.) এম আবু সাঈদ, কবি ও সাংবাদিক আবুল মোমেন, টিইউসি চট্টগ্রাম কমিটির সভাপতি তপন দত্ত, এ এম নাজিম উদ্দিন, ডা. মাহফুজুর রহমান, জেসমিন সুলতানা পারুল, কমরেড অশোক সাহাসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন