দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ‘ব্যাডার ইউনিট’-এর জ্যেষ্ঠ কমান্ডার আবু হাসান আলাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলি সামরিক বাহিনী এ দাবি করে।
তারা জানায়, দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হামলার প্রস্তুতিতে আলা ভূমিকা রাখছিলেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন হামলা চালানোর বিষয়ও ছিল।
ইসরাইলি বাহিনী বলেছে, ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর কর্মকাণ্ডের জবাব হিসেবে আলাকে হত্যা করা হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগেই দক্ষিণ লেবাননের আনসার গ্রামে হামলা চালিয়ে হিজবুল্লাহর কমান্ডার আলি সামির আল-হাজ হাসানকে হত্যার দাবি করেছিল ইসরাইল। ওই হামলায় অন্তত সাতজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুই নারী ও তিন শিশু ছিল।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছিল, আনসারে হিজবুল্লাহর একটি অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
