নেত্রকোনা প্রতিনিধি
আনারুল ইসলাম
নেত্রকোনায় গোরস্থানের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৫৬
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গোরস্থানের জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আমগড়া ও পুলিয়া পানেশ্বরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি গোরস্থানের জমির মালিকানা এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুই গ্রামের মানুষই দীর্ঘদিন ধরে ওই গোরস্থানে মৃত ব্যক্তিদের দাফন করে আসছেন।
গোরস্থানের পাশে বাজার নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে বিরোধের জেরে দুই গ্রামের লোকজন মুখোমুখি হলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় রাস্তার নির্মাণকাজের জন্য রাখা ইট-পাটকেল ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষে আহত ৫৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “গোরস্থানের জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
