চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের নীতিমালা চূড়ান্ত করতে বৈঠকে বসছেন সংশ্লিষ্টরা। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠিতব্য সভায় ভর্তি কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।
বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান জানান, একাদশে ভর্তি কার্যক্রম চূড়ান্ত করতে মন্ত্রণালয়ে সভাটি হবে।
ভর্তি কার্যক্রমের খসড়া রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে এবারও অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। আগের মতোই শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবে এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাদের আসন বরাদ্দ দেওয়া হবে।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।
