![]() |
| বিভাগীয় ব্যুরো প্রধান,খুলনা |
বিভাগীয় ব্যুরো প্রধান,খুলনা
এস এম শাহরিয়ার
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান
ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নগরবাসীকে সচেতন করতে পাড়া-মহল্লায় সামাজিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেসিসির পক্ষ থেকে মশার লার্ভা ও উড়ন্ত মশা নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রমে জনবল বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জ্বরে আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে শয্যা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কেসিসির কার্যক্রমের সঙ্গে যুক্ত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্যোগ আরও কার্যকর হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর দৌলতপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত জনসচেতনতামূলক র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ র্যালির আয়োজন করা হয়।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি। ডেঙ্গুর প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রতিদিন নিজের সামর্থ্য অনুযায়ী আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার কাজে সবাইকে সম্পৃক্ত হতে হবে।
পরে ফাউন্ডেশনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে র্যালিটি দৌলতপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তিনি পথচারী ও স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
র্যালিতে সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মো. হামিমুর রহমান, অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, অধ্যাপক জয়লাল আবেদিন, শেখ আনসার আলী, মোল্লা মুজিবুর রহমান, মো. হারুনুর রশিদ, এস এম আহাদুল হক টুটুল, পরিচালক মণ্ডলীর সদস্য আবদুল করিম বিশ্বাস, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মামুন, শিক্ষক মনিরুল ইসলাম, মো. জিয়াউর রহমান, মো. মেছের আকুঞ্জিসহ ফাউন্ডেশনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুর আলম শান্ত।
পরে কেসিসি প্রশাসক হাজী ইসমাইল রোড এলাকার পল্লীমঙ্গল সামছুল উলুম খাদেমুল ইসলাম মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় তিনি মাদরাসা সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কেসিসির চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেন। অনুষ্ঠানে সমাজসেবক নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, ইকবাল হোসেন, ইমরান হোসেনসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
