পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
মোঃ কামরুল হাসান প্রধান
'যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই' আওয়ামী লীগের বিখ্যাত এই গানটি গেয়ে অধ্যক্ষ পদ বাগিয়ে নেয়া রন্জু মিয়া এখনও বহাল তবিয়তেই আছেন! তার বিরুদ্ধে গত ১২ মে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ হলেও সাড়ে ৪ মাসেও তদন্ত হয়নি। অভিযোগগুলোর তদন্ত না হওয়ায় অধ্যক্ষ আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ১৬ মার্চ রঞ্জু মিয়া ড. এমএ ওয়াজেদ মিয়া টেক্সটাইল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি সাবেক সাংসদ স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর আস্থাভাজন ছিলেন। রঞ্জু মিয়া তার কলেজের অডিটোরিয়াম হলের অনুষ্ঠানে 'যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই' আওয়ামী লীগের বিখ্যাত এই গান পরিবেশন করে তার পেশি ও দলীয় ক্ষমতা প্রদর্শন করেন। এরপর স্থানীয় সাংসদ সাবেক স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ২০২০ ও ২০২৪ সালে দুটো অভিযোগ করে অধ্যক্ষ আব্দুর রকিব ও অধ্যক্ষ নুরুল ইসলাম নাহিদকে বদলী করান। ২০২৫ সালের ১৯ অক্টোবরে রঞ্জু মিয়া অধ্যক্ষ পদটি বাগিয়ে নেন। তারপর থেকেই রঞ্জু মিয়া কলেজে দূর্নীতি ও অপকর্ম করতে প্রভাষক মাহমুদ হাসান এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পলাশ সরকারকে নিয়ে চক্র গড়ে তোলেন। অধ্যক্ষ তার আপন বড় ভাই ইলেকট্রিশিয়ান কামরুজ্জামানকে গাইবান্ধা থেকে এনে কলেজের কোটি টাকা মুল্যের ৯০টি কম্পিউটারের হার্ডডিস্ক, ৪০ টি ওয়াটারপ্রুফ রাউটারসহ মুল্যবান যন্ত্রপাতি সরিয়ে ফেলেন। এমনকি অ্যাপারেল বিভাগের প্রায় ৯ লাখ টাকা মুল্যের অত্যাধুনিক 'লেজার' ল্যাপটপের হদিসও নেই!
চলতি বছরের ১২ মে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে কলেজটির শিক্ষক, কর্মচারীরা অধ্যক্ষ রঞ্জু মিয়ার বিরুদ্ধে ১৪টি বিষয়ে লিখিত অভিযোগ করে। অভিযোগের পরই ওই অধ্যক্ষ তদন্ত থামাতে দৌড়ঝাঁপ করে ম্যানেজ করেন বলে গুন্জন উঠেছে। দুর্নীতির তদন্ত না হওয়ায় অধ্যক্ষের চক্রটি আরো বেপরোয়া হয়ে উঠেছে। ফলে কলেজের স্বাভাবিক কর্ম পরিবেশ নষ্ট হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক ও কর্মচারী বলেন, অধ্যক্ষ ও তার সিন্ডিকেটের কারণে প্রতিষ্ঠানটি এখন ধ্বংসের মুখে। অধ্যক্ষ রঞ্জু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, যাদের স্বার্থে আঘাত লেগেছে, তারাই অভিযোগ করেছে। কম্পিউটারগুলো না চলার কারণে আমি কিছু যন্ত্রাংশ লাগিয়েছি। রাউটারগুলো শিক্ষার্থীরা সুবিধাজনক স্থানে স্থাপন করেছে। তিনি আরও বলেন, কাজের দক্ষতা, বিশ্বাস ও জবাবদিহিতার কারণে ভাইকে দিয়ে কাজ করিয়েছি। আর জাতির জনককে নিয়ে গানটি সে সময়ের কারণেই গেয়েছিলাম।
