পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
মোঃ কামরুল হাসান প্রধান
পীরগঞ্জে ভাইদের নির্মাণাধীন দোকানঘর ভাঙচুরের অভিযোগ বোনদের বিরুদ্ধে
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। এ ঘটনায় পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শানেরহাট ইউনিয়নের দামোদরপুর মৌজায় পৈতৃক সম্পত্তি নিয়ে আশরাফুল মিয়া ও তার ভাইদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। ওই সম্পত্তিতে আশরাফুল মিয়া ও তার ছোট ভাই আনোয়ার মিয়া ইট-বালি দিয়ে দোকানঘর নির্মাণ করছিলেন।
অভিযোগকারীর দাবি, দোকানঘর নির্মাণের সময় প্রতিপক্ষের লোকজন নির্মাণকাজে বাধা দেন এবং ভয়ভীতি ও হুমকি দেন। পরে গত ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শানেরহাট ইউনিয়নের দামোদরপুর মৌজার পাকুরেরতল এলাকায় নির্মাণাধীন দোকানঘরটি ভাঙচুর করা হয়।
অভিযোগে বলা হয়েছে, প্রতিপক্ষের লোকজন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে গিয়ে নির্মাণাধীন দোকানঘর ভাঙচুর করেন। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন আশরাফুল মিয়া।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লিমন মিয়া বলেন, “জমিটা আমার মায়ের নামে। সেখানে আমার মামারা জোর করে দোকানঘর তৈরি করছিল। এজন্য আমরা সেগুলো ভেঙে দিয়েছি।”
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, “আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
