দুর্গাপুরে কম্পিউটার কোর্সের সমাপনী ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুসকান জাহান আইরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

দুর্গাপুরে কম্পিউটার কোর্সের সমাপনী ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুরে সাধুপাড়াস্থ 'দুর্গাপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার'-এর ৩ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এলাকাকে অপরাধমুক্ত রাখতে মাদক, চোরাচালান, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব খন্দকার শাকের আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল এবং সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ও দুর্গাপুর কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক এ. কে. এম. ওবায়দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, "দুর্গাপুরে মাদক, চোরাকারবারি, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পুলিশকে সচেতনভাবে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ও চোরাচালানের যেকোনো তথ্য পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে দুর্গাপুর থানাকে জানানোর আহ্বান জানাচ্ছি।" বাল্যবিবাহ রোধে সতর্ক করে তিনি আরও বলেন, "আইন অনুযায়ী ১৮ বছরের নিচে মেয়েদের এবং ২১ বছরের নিচে ছেলেদের কোনোভাবেই বিয়ে দেওয়া যাবে না। সমাজকে অপরাধমুক্ত রাখতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ পরিদর্শক আশরাফুল বলেন, "বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সাধারণ পড়াশোনার পাশাপাশি কম্পিউটার ও কারিগরি শিক্ষায় মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দেশ গঠনে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।"

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রভাষক এ. কে. এম. ওবায়দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "'শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও'—এই মূলমন্ত্রকে ধারণ করতে হবে। আধুনিক বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে প্রযুক্তিজ্ঞানের পাশাপাশি ব্যক্তিগত নৈতিকতা রক্ষা করা অপরিহার্য।"

সুসং কলেজের ছাত্রদল নেতা রুবেল মিয়া বলেন, "বর্তমানে কম্পিউটার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, চাকরির ক্ষেত্রে সব জায়গায় প্রয়োজন কম্পিউটার শেখা। তাই পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শেখা সকল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য।"

দুর্গাপুর কম্পিউটার ট্রেনিং সেন্টারের শিক্ষক আনারুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সায়িম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাইজিদ, মাহিন মণ্ডল, তাহমিনা, বাবলি ও হালিমা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সমাপনী সনদ তুলে দেওয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন