হাওর এলাকার তিন থানা ঘুরে দেখলেন কিশোরগঞ্জের এসপি



মোঃজোনায়েদ হোসেন জুয়েল,স্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম—এই তিন থানায় ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সকাল থেকে বিকেল পর্যন্ত থানাগুলোর সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

এসপি থানার প্রশাসনিক কাজ, অভিযোগ গ্রহণ প্রক্রিয়া, মালখানা–হাজতখানা ব্যবস্থাপনা, অপরাধ নথিপত্র যাচাইসহ বিভিন্ন সেবা কাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি তিনি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত শোনেন এবং পুলিশ সদস্যদের আচরণ ও দায়িত্ব পালনের মান উন্নয়নের নির্দেশনা দেন।

ইটনা থানায় তিনি টহল কার্যক্রম আরও জোরদার করা, বাল্যবিয়ে রোধ ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি পরিচালনার কথা বলেন। মিঠামইন থানায় মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে চালানো এবং সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ টিম সক্রিয় রাখার পরামর্শ দেন। অষ্টগ্রাম থানায় তিনি জনসম্পৃক্ত পুলিশিং বাড়ানো, বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের জন্য সেবাকে আরও সহজ ও কার্যকর করার নির্দেশ দেন।

ফোর্সদের সঙ্গে বৈঠকে এসপি বলেন, “হাওরের ভৌগোলিক বৈশিষ্ট্য আমাদের কাজে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। তবুও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব ও দায়িত্ববোধ অটুট রাখতে হবে।” অপরাধ দমন ও অভিযোগ নিষ্পত্তিতে অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

পরিদর্শন চলাকালে তিনি পুলিশ সদস্যদের সমস্যা-চাহিদা মনোযোগ দিয়ে শোনেন এবং নীতিমালা অনুযায়ী সমাধানের আশ্বাস দেন। জানা গেছে, তার এ পরিদর্শনের পর সংশ্লিষ্ট থানাগুলোয় শৃঙ্খলা ও কর্মতৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন