একুশে গণতন্ত্র ও আত্মপরিচয়ের অঙ্গীকারে খুলনায় বিএনপির আলোচনা ও শ্রদ্ধা


 

ব্যুরো প্রধান: খুলনা বিভাগ 

এস এম শাহরিয়ার,  

খুলনায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। নেতারা বলেছেন, একুশ শুধু শোকের স্মারক নয়, এটি জাতির আত্মপরিচয় ও গণতান্ত্রিক চেতনার উৎস।


শনিবার (২১ ফেব্রুয়ারি) মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম থেকেই জাতির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। একুশের চেতনা ধারণ করে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দল অঙ্গীকারবদ্ধ বলেও তারা উল্লেখ করেন।


সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এদিকে দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় মহানগর ও জেলা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রাত ১২টা ১ মিনিটে শহিদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর নেতৃত্বে নেতাকর্মীরা নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে পর্যায়ক্রমে সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেন।


নেতারা বলেন, ভাষা শহীদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব নয়, তবে তাদের আদর্শ ধারণ করেই দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

কোন মন্তব্য নেই: