মাঠে নেমে সেবা কার্যক্রম তদারকিতে কেসিসি প্রশাসক মঞ্জু


 

ব্যুরো প্রধানঃ খুলনা বিভাগ 

এস এম শাহরিয়ার, 

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার দিনভর নগরীর বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করেছেন। সকালে সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে তিনি পর্যায়ক্রমে খালিশপুর শাখা অফিস, লাল হাসপাতাল, করিম নগরের চলমান ড্রেন উন্নয়ন কাজ এবং শেরে বাংলা রোডে অবস্থিত কেসিসির যানবাহন শাখা ঘুরে দেখেন।


লাল হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। সেবার মান ও ব্যবস্থাপনা নিয়ে তাদের অভিজ্ঞতা শোনেন। হাসপাতাল সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, রোগীদের প্রতি আরও আন্তরিক ও যত্নশীল হতে হবে। একই সঙ্গে মশাবাহিত রোগ প্রতিরোধে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। মশার প্রজননস্থল ধ্বংস এবং মশক নিধন কার্যক্রম জোরদারে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথাও জানান।


করিম নগরে চলমান ড্রেন উন্নয়ন কাজ পরিদর্শনের সময় তিনি কাজের অগ্রগতি ও মান নিয়ে খোঁজখবর নেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন।


খালিশপুর শাখা অফিসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক বলেন, নাগরিক সেবা বাড়ানোর বিষয়টি এখন অগ্রাধিকার। নগরবাসীর প্রত্যাশা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে সেবাপদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যারা সরাসরি নাগরিকদের সঙ্গে কাজ করেন, তাদের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।


পরিদর্শনকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: