রংপুরে ২০০ টাকার বেশি মিলছে না পেট্রল–অকটেন, ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
উপজেলা প্রতিনিধিঃ রংপুর সদর
শাহারিয়ার হাসান সাজিদ
রংপুর নগরীর সাতগাড়া বাস টার্মিনাল এলাকায় অবস্থিত মেসার্স সুরমা ফিলিং এন্ড সার্ভিসিং সেন্টার-এ পেট্রল ও অকটেন সীমিত পরিমাণে বিক্রি করায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ। বর্তমানে এই ফিলিং স্টেশন থেকে প্রতিটি মোটরসাইকেল বা যানবাহনকে সর্বোচ্চ ২০০ টাকার জ্বালানি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, রংপুরের আর.কে. রোডের সাতগাড়া বাস টার্মিনাল এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনটিতে সকাল থেকেই মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। জ্বালানি নিতে অনেক চালককে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু অপেক্ষার পরেও তারা মাত্র ২০০ টাকার পেট্রল বা অকটেন পাচ্ছেন।
মোটরসাইকেল চালকরা জানান, ২০০ টাকার পেট্রল দিয়ে খুব বেশি দূর যাতায়াত করা সম্ভব নয়। ফলে অনেককেই দিনে একাধিকবার ফিলিং স্টেশনে আসতে হচ্ছে। এতে করে সময় নষ্টের পাশাপাশি চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
একজন মোটরসাইকেল চালক বলেন, “অনেক সময় দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত সিরিয়াল পাইনি। কিন্তু মাত্র ২০০ টাকার পেট্রল দিয়ে চলাফেরা করা খুবই কষ্টকর হয়ে যাবে।”
আরেকজন চালক জানান, “কাজের জন্য প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয়। কিন্তু এত কম জ্বালানি নিয়ে চলাচল করা কঠিন হয়ে যাচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানির সরবরাহ স্বাভাবিক না থাকায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সীমিত পরিমাণে পেট্রল ও অকটেন বিক্রি করছেন। তবে এতে করে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত জ্বালানির সরবরাহ স্বাভাবিক করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ছবিতে: রংপুর নগরীর আর.কে. রোডের সাতগাড়া বাস টার্মিনাল এলাকায় অবস্থিত মেসার্স সুরমা ফিলিং এন্ড সার্ভিসিং সেন্টারে ২০০ টাকার পেট্রল ও অকটেন নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি।

কোন মন্তব্য নেই: