লালমনিরহাটে কালীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান ৭ লাখ টাকা জরিমানা


 


 

জেলা প্রতিনিধিঃলালমনিরহাট

আব্দুল মালেক

লালমনিরহাটে কালীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান  ৭ লাখ টাকা জরিমানা। 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করেন ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর কিলন ভেঙে দেওয়া হয়েছে।


বুধবার (৬ মে) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।


পরিবেশ অধিদপ্তরের লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, জেলার পাঁচটি উপজেলায় বর্তমানে ৪৮টি ইটভাটায় কার্যক্রম চলছে। এর মধ্যে ২১টির বৈধ কাগজপত্র থাকলেও ২৭টি ভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছে। অবৈধ ভাটাগুলোর মধ্যে ১৭টি হাইকোর্টের স্থগিতাদেশ (স্টে অর্ডার) নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাকি ১০টি ভাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।


অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার গোড়ল ইউনিয়নের মেসার্স জিএ ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স এস এ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর এসব ভাটার কার্যক্রম বন্ধে কিলন ভেঙে দেওয়া হয়।


অভিযানে জেলা পুলিশ, র‍্যাব-১৩ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লালমনিরহাট যৌথভাবে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায় ও পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান।


স্থানীয় সচেতন মহল মনে করছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ ইটভাটার দৌরাত্ম্য অনেকাংশে কমে আসবে।

কোন মন্তব্য নেই: