বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা
এস এম শাহরিয়ার
ধর্মীয় ভাবগাম্ভীর্যে খুলনায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা
সারা দেশের মতো খুলনাতেও যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বাংলা ও আরবিতে “ঈদ মোবারক” লেখা ব্যানার দিয়ে সাজানো হয়।
খুলনার প্রধান ঈদের জামাত সকাল ৭টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি আব্দুর রাজ্জাক। একই স্থানে সকাল ৮টা ও ৯টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে অংশ নেন শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, নজরুল ইসলাম মঞ্জু, মোঃ আবদুল্লাহ হারুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদ, নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে ৩১টি ওয়ার্ডেও ঈদের জামাতের আয়োজন করা হয়।
খালিশপুর, সোনাডাঙ্গা, টুটপাড়া, দৌলতপুর, আড়ংঘাটা, রূপসা, মহেশ্বরপাশা ও খানজাহান আলী থানাসহ নগরীর বিভিন্ন এলাকায় মুসল্লিদের ব্যাপক অংশগ্রহণে ঈদের নামাজ আদায় করা হয়।
ঈদ উপলক্ষে সরকারি হাসপাতাল, কারাগার, শিশুসদন, আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন সমাজকল্যাণ প্রতিষ্ঠানে বিশেষ খাবার পরিবেশন করা হয়। একইসঙ্গে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে এবং স্থানীয় সংবাদপত্রগুলো ঈদ সংখ্যা প্রকাশ করে।
