শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার আহ্বান


 

বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা

এস এম শাহরিয়ার

শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার আহ্বান

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।


সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি. ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রক্তদান কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথির বক্তব্যে আমীর এজাজ খান বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের বিভিন্ন আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই উঠে আসবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবেশ গড়ে তোলা এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।


তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে।


আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, সংগঠনের ভেতরে বিভেদ বা গ্রুপিংয়ের কোনো স্থান নেই। বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি ইউনিটকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গণতন্ত্রবিরোধী ও দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদলকে সুসংগঠিত থাকতে হবে।


তিনি শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, সততা এবং দেশপ্রেমের কথা স্মরণ করে বলেন, তাঁর আদর্শ ধারণ করেই দেশের মানুষের কল্যাণে কাজ করাই হবে প্রকৃত শ্রদ্ধা নিবেদন।


খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আবু জাফর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন