কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মোঃ ইব্রাহিম খলিল
পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তিসহ বিতর্কিত সকল মূর্তি অপসারণের দাবিতে স্মারকলিপি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন রামমূর্তিসহ বিতর্কিত সব মূর্তি অপসারণ, এর অর্থায়নের উৎস তদন্ত এবং বিষয়টি জাতীয় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে কাউনিয়ায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে ইত্তিফাকুল উলামা লি ইসলাহীল উম্মাহ, কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পাপিয়া সুলতানার কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে দাবি করা হয়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২ নম্বর হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি হিসেবে পরিচিত প্রকল্পসহ বিতর্কিত সব মূর্তির নির্মাণকাজ বন্ধ ও অপসারণ করতে হবে। একই সঙ্গে এসব প্রকল্পের অর্থায়নের উৎস, নির্মাণের উদ্দেশ্য এবং এর সঙ্গে জাতীয় নিরাপত্তা বা সম্ভাব্য সাম্প্রদায়িক উত্তেজনার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি জামালুদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-হারুন, সহ-সভাপতি মুফতি সাব্বীর আহমদ, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা ফেরদৌস, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা জিহাদ এবং সংগঠনের সিনিয়র উপদেষ্টা, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল লতিফ খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পাপিয়া সুলতানা বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হবে বলে জানান।
মোঃ ইব্রাহিম
কাউনিয়ার (রংপুর) প্রতিনিধি
তারিখঃ ২৯/০৬/২০২৬
মোবাঃ ০১৭২৩৩১৩৯৪২
