বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা
এস এম শাহরিয়ার
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবেঃ কেসিসি প্রশাসক
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবহেলা চলতে থাকলে ভবিষ্যতে মানুষসহ জীববৈচিত্র্যকে বড় ধরনের সংকটের মুখোমুখি হতে হবে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার (৫ জুন) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ণিমা যুব ফোরাম-খুলনা এ কর্মসূচির আয়োজন করে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় পরিবেশগত ঝুঁকি বাড়ছে। বৃক্ষরাজি, বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় এখন থেকেই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবে কাজ করছে। তাই সুন্দরবন সংরক্ষণের পাশাপাশি নগর ও গ্রামাঞ্চলে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলা জরুরি।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষার সঙ্গে জনস্বাস্থ্যও ওতপ্রোতভাবে জড়িত। সম্প্রতি বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাবের বিষয় উল্লেখ করে তিনি আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার মাধ্যমে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পূর্ণিমা যুব ফোরামের চেয়ারম্যান নাসরিন রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর খুলনার উপপরিচালক সরদার শরিফুল ইসলাম। এছাড়া বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধিরা পরিবেশ সংরক্ষণে নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন
