পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
মোঃ কামরুল হাসান প্রধান
পীরগঞ্জে যানজট ও জনদুর্ভোগ কমাতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার দাবি লাখো ভুক্তভোগীর
রংপুরের পীরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড থেকে থানা ব্রিজ পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো পথচারী ও এলাকাবাসী। সচেতন নাগরিকদের দাবি, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা না হলে যানজট ও জনদুর্ভোগ আরও বাড়বে।
পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন, ৩০৮টি গ্রাম ও একটি পৌরসভার মানুষের প্রশাসনিক, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যিক কার্যক্রমের প্রধান কেন্দ্র এই পৌরসভা। বাসস্ট্যান্ড থেকে থানা ব্রিজ পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার সড়কের মধ্যেই উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, থানা, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কলেজ, একাধিক বেসরকারি কলেজ, কেজি স্কুল, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, পাবলিক স্কুল, ফাজিল ও দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত। ফলে প্রতিদিন লক্ষধিক মানুষের চলাচলের চাপ পড়ে এই একমাত্র সড়কে।
স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখল করে দোকান, ক্যান্টিন, মাংস ও ঘাসের হাট, মৌসুমি ফলের দোকান, নির্মাণসামগ্রী রাখা এবং যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন। এতে যেমন দুর্ঘটনা ঘটছে আহরোহ ঝুঁকিও বাড়ছে, তেমনি স্কুল, কলেজ ও অফিস চলাকালীন সময়ে প্রায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
সবচেয়ে নাজুক পরিস্থিতি দেখা যায় বাসস্ট্যান্ড এলাকার ফ্লাইওভার সেতুর নিচে। পীরগঞ্জপৌর বাজারের সামনে, মেডিকেল মোড়, সরকারি স্কুলের সামনে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এবং রেজিস্ট্রি অফিসের সামনে অবৈধভাবে দোকানপাট ও বিভিন্ন সামগ্রী রাখার কারণে অনেক সময় সেখানে সড়ক নয়, বরং একটি মার্কেটের ভেতর দিয়ে চলাচল করার মতো পরিস্থিতি তৈরি হয়।
একজন সচেতন নাগরিক বলেন, “ফুটপাত পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে, দোকান বসানোর জন্য নয়। আগে যদি কাউকে সেখানে দোকান বসানোর অনুমতি দেওয়া না হয়ে থাকে, তাহলে অবৈধ দখল উচ্ছেদে পুনর্বাসনের প্রশ্ন আসে কোথা থেকে?”
সচেতন মহলের মতে, মাত্র কয়েকজন অবৈধ দখলদারের স্বার্থের চেয়ে লক্ষাধিক মানুষের নিরাপদ চলাচল ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। তাই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও যানজটমুক্ত পীরগঞ্জ পৌরসভা গড়ে তুলতে বাসস্ট্যান্ড থেকে থানা ব্রিজ পর্যন্ত ফুটপাত ও সড়ক দ্রুত দখলমুক্ত করা।
