দুর্গাপুরে কমরেড অণিমা সিংহের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি: নেত্রকোণা

আনারুল ইসলাম 

দুর্গাপুরে কমরেড অণিমা সিংহের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

বাংলাদেশের কৃষক আন্দোলনের অন্যতম বিপ্লবী নারী নেত্রী, ব্রিটিশবিরোধী সংগ্রামী, মেহনতি মানুষের মুক্তি আন্দোলনের অগ্রসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা কমরেড অণিমা সিংহের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে এক স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বুধবার (১ জুলাই) বিকেলে দুর্গাপুরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আঃ মালেক সরকারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কমরেড মণি সিংহ ও কমরেড অণিমা সিংহের একমাত্র সন্তান কমরেড ডা. দিবালোক সিংহ।


এছাড়া বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠী দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি শামছুল আলম খান, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি অবনী কান্ত হাজং, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা কমিটির সভাপতি আজিমউদ্দিন, বাংলাদেশ যুব ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি রমজান আলী সরকার এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি আহাদ মিয়া প্রমুখ।


বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কমরেড অণিমা সিংহ আজীবন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আদর্শ, সংগ্রামী জীবন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


আলোচনার শুরুতে কমরেড অণিমা সিংহের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড ডা. দিবালোক সিংহ।


 এছাড়া সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী এবং বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।


উল্লেখ্য, ১৯৮০ সালের ২৯ জুন এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কমরেড অণিমা সিংহ অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে ১৯৮০ সালের ১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ কৃষক সমিতি, নারী আন্দোলন এবং সমাজতান্ত্রিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। একই সঙ্গে তিনি ছিলেন সিপিবির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের জীবনসঙ্গিনী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন