বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা
এস এম শাহরিয়ার
ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান
সামাজিক জবাবদিহিতা (এসএ) এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা (এএপি) ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সুশাসন নিশ্চিত করতে প্রতিটি সরকারি দপ্তরকে জবাবদিহিমূলক ব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে সম্পৃক্ত হতে হবে। জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা নিশ্চিত করতে বিদ্যমান টুলসগুলোকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। এ ক্ষেত্রে বিভিন্ন সরকারি দপ্তরের সক্ষমতা বৃদ্ধিতে ইউনিসেফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রয়োজন হলে এ সক্ষমতা উন্নয়ন কার্যক্রমকে নিয়মিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করে সমস্যা চিহ্নিতকরণ, সমাধান এবং নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশ প্রদান করা হবে বলেও জানান তিনি।
বিভাগীয় কমিশনার আরও বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত কার্যকর সংযোগ গড়ে তুলতে হবে। বিভিন্ন দপ্তরে জনবল সংকট থাকলেও সরকার তা নিরসনে কাজ করছে। জনগণ যেন সহজে তাদের সমস্যা জানাতে পারে, প্রতিকার পায় এবং নাগরিক অধিকার নিশ্চিত হয়, সে লক্ষ্যেই সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে কর্মশালার আয়োজনের জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানান।
কর্মশালায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন বক্তব্য দেন।
ইউনিসেফ খুলনার চিফ মো. কাওসার হোসাইন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় খুলনা বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা অংশ নেন।
ইউনিসেফের সহযোগিতায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
