মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধি
বিপুল চন্দ্র বর্মন
মিঠাপুকুরের শঠিবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস শাখার উদ্বোধন, ‘Pi ব্যাংকিং অ্যাপ’-এ ঘরে বসেই অ্যাকাউন্ট খোলার সুবিধা।।
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে পূবালী ব্যাংক পিএলসির শঠিবাড়ী শাখাকে ক্যাশলেস শাখা হিসেবে উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজ ও আধুনিক করতে ‘Pi (পাই) ব্যাংকিং অ্যাপ’-এর মাধ্যমে ঘরে বসেই নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রবিউল ইসলাম প্রামাণিক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতি, শঠিবাড়ী শাখার সেক্রেটারি জনাব মাহবুবার রহমান এলান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির শঠিবাড়ী শাখার ব্যবস্থাপক শামসুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি, বেলুন উড়ানো, ফিতা কাটা এবং পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, সুধীজন, গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার যুগে গ্রাহকদের আরও দ্রুত, নিরাপদ ও সহজ সেবা দিতে পূবালী ব্যাংক ধারাবাহিকভাবে আধুনিক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ‘Pi (পাই) ব্যাংকিং অ্যাপ’-এর মাধ্যমে এখন থেকে ঘরে বসেই নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে। ফলে গ্রাহকদের শাখায় এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না এবং নিরাপদে ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ করা সম্ভব হবে।
পূবালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ, গ্রাহকের সময় সাশ্রয় এবং ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের কাছেও উন্নত ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।
